রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর থানা জানিয়েছে, প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় পুলিশের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
এছাড়া, আটক শিশুদের সুরক্ষায় শিশু আইন, ২০১৩ অনুযায়ী ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
