ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৫
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন উপলব্ধির মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে : স্পিকার

সত্যের কন্ঠ
আগস্ট ২৮, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
পঠিত: 99 বার
Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন উপলব্ধির মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

স্পিকার আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলার দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু সারাজীবন কাজ করে গেছেন। শোষিত বঞ্চিত বাঙালির জীবন মানের উন্নয়নই ছিল বঙ্গবন্ধুর নিরন্তর প্রচেষ্টা।

বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ  বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের মুক্তিকামী মানুষের উচ্চকিত কন্ঠ। গোপালগঞ্জের মানুষ ভাগ্যবান যে তাদের মাটি থেকে বঙ্গবন্ধু খোকা থেকে জনমানুষের নেতায় পরিণত হন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহাজাগরণের পথিকৃত। ব্যক্তিগত জীবনের সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করেছেন তিনি। স্পিকার বলেন, ক্ষমতার প্রতি বঙ্গবন্ধুর কোন আকর্ষণ ছিল না বলেই তিনি বলতে পেরেছিলেন ‘আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই’।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব গুণাবলী সম্পন্ন মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে কিন্তু বঙ্গবন্ধু ছিলেন একজন জন্মগত নেতা। তিনি বাল্যকাল থেকেই অন্যায়ের প্রতি আপোষহীন ছিলেন। স্পিকার বলেন, বঙ্গবন্ধু ভাগ্যহত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেছেন এবং বারবার কারা অন্তরীণ হয়েছেন।

গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার সকল পর্যায়ের সদস্য, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।