ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

পল্লী বিদ্যুৎ অফিসের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরির রহস্য উদ্ঘাটন, পেশাদার পকেটমার গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় পেশাদার পকেটমার মো. টিটন খান (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই গোপালগঞ্জের কারারগাতী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ক্যাশ কাউন্টারে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত বিদ্যুৎ বিলের ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা রাখা একটি শপিং ব্যাগ চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ক্যাশ কাউন্টারের গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে টাকাভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) ওমর ফারুক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ মাস ১৬ দিন তদন্ত শেষে থানা পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিলেও বাদীর নারাজি আবেদনের পর আদালতের নির্দেশে ২০২৫ সালের ১০ নভেম্বর মামলার তদন্তভার পিবিআই গোপালগঞ্জের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত টিটন খানকে শনাক্ত করেন। অন্য একটি মামলায় কারাগারে থাকা টিটনকে ৫ জুলাই আদালতের অনুমতিক্রমে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং পরে ১৫ জুলাই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জানায়, টিটন খান একজন পেশাদার পকেটমার। ঘটনার দিন তিনি খুলনা থেকে গোপালগঞ্জে এসে প্রথমে ব্যাংক এলাকায় পকেটমারির সুযোগ খুঁজছিলেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে কাচের ভেতরে রাখা টাকাভর্তি শপিং ব্যাগ দেখতে পান। সুযোগ বুঝে কাচের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ব্যাগটি নিয়ে দ্রুত খুলনায় পালিয়ে যান।

তদন্তে আরও জানা গেছে, সিডিএমএসের তথ্য অনুযায়ী টিটন খানের বিরুদ্ধে পূর্বে চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।