ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

নীলফামারীতে পরকীয়াজনিত বিরোধের জেরে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ স্বপন ইসলাম (৩৮)-কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের বাসিন্দা মতিউল ইসলাম (৪৫) গত ২ এপ্রিল রাতে পরকীয়াজনিত বিরোধের জেরে নিহত হন। তিনি একই এলাকার হামিদ হোসেনের ছেলে এবং তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহেরা বানুর সঙ্গে মতিউল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। একপর্যায়ে মতিউল সাহেরা বানুকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করলেও পরে সাহেরা তাকে তালাক দিয়ে প্রথম স্বামী একরামুলের কাছে ফিরে যান। এরপর থেকে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতে স্থানীয় একটি চায়ের দোকানে সাহেরা বানুর ছেলে আলামিন ইসলামের সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন তার হাতে থাকা তামাক কাটার ধারালো কাস্তে দিয়ে মতিউলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নারজিনা বেগম বাদী হয়ে ৩ এপ্রিল নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩ নীলফামারী ক্যাম্প এবং র‍্যাব-১ গাজীপুরের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গাজীপুরের শ্রীপুর থানাধীন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি স্বপন ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।