ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক-জোবায়দার মামলার রায় স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে : তথ্যমন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ৩, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
পঠিত: 186 বার
Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিচারের রায় স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সরকার এই মামলা দায়ের করে নাই। বিএনপি’র পছন্দের তত্ত্বাবধায়ক সরকারই এই মামলা করেছিলো। আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো, তাহলে আমরা মামলা করতাম। আর রায়ের জন্যও ১৪ বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগেই রায় হতো।’ মন্ত্রী আজ  দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রায়ের সাথে সাথে বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে। আজকে এবং আগামীকালও তাদের কর্মসূচি আছে। কিন্তু আমাদের সরকারের আমলে এই মামলা হয়নি। এই মামলা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যখন ইয়াজউদ্দিন সাহেবকে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি বানিয়েছিলেন। আর বিশ্বব্যাংকে কর্মরত ফখরুদ্দীন সাহেবকে ধরে এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, আর সেই সেনাসমর্থিত সরকারের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিলো ৭ জনকে ডিঙ্গিয়ে।

তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায়, তখন এই মামলা দায়ের হয়েছিলো, আর সেই মামলায় তাদের শাস্তি হয়েছে।’ রায় নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে মন্ত্রী আরো বলেন, ‘আইন-আদালত কোনো কিছুর ওপরই তো বিএনপির কোনো আস্থা নেই, কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।’ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য সরকারের সাথে আমাদের আলোচনা চলছে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।