ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
সোমবার (১৭ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের মোট ১২৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।
এই উপনির্বাচনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তরিকুল ইসলাম ভূঁইয়া।
