ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ গাড়িকে ধাক্কা দিয়ে দুই কর্মীর মৃত্যুর ঘটনায় পলাতক বাসচালক মনিরুল ইসলাম (৩১)-কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৬ জুন) বিকেলে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে র্যাব-১০ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৩ জুন দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গোল্ডেন লাইনের একটি বাস বেপরোয়া গতিতে কর্পোরেশনের একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ৬ কর্মী আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লা (৩০)-কে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
