আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ডিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফ (৩৮)-কে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গত ২২ জুন ২০২৬ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন উত্তর মৌলভীরটেক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশারফ হোসেন @ পিচ্চি মোশারফকে গ্রেফতার করে। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার রাজপাড়া বারুয়াখালী এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১,৫৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ তার কাছে থাকা একটি অস্ত্রের গোপন অবস্থানের তথ্য প্রদান করে। এর ভিত্তিতে র্যাব-৩ পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন সেকেন্দারবাগ এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১টি বিদেশি রিভলবার ও ১ রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করে। উদ্ধারকৃত রিভলবারটির গায়ে ইংরেজিতে “MADE IN ENGLAND” খোদাই করা ছিল বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোশারফের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
