ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৯
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির এআই ক্যামেরায় ট্রাফিক মামলা ও যানবাহন মনিটরিং কার্যক্রম উদ্বোধন

সত্যের কন্ঠ
জুন ৩০, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার লেক রোডে এআই (AI) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি এআই ক্যামেরা কন্ট্রোলরুমও পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। বর্তমানে সনাতন পদ্ধতির পরিবর্তে ডেটা-ড্রিভেন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি জানান, এআই প্রযুক্তির মাধ্যমে কোনো যানবাহন গতিসীমা অতিক্রম করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে বা অবৈধ পার্কিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। পরে কমান্ড সেন্টার থেকে ডিজিটাল পদ্ধতিতে ‘ই-প্রসিকিউশন’ বা মামলা করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এতে সড়কে ট্রাফিক পুলিশের ঝুঁকি নিয়ে গাড়ি থামানোর প্রয়োজন কমবে।

ডিএমপি জানিয়েছে, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাকেও এই স্বয়ংক্রিয় এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে, যাতে ঢাকাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ স্মার্ট সিটিতে পরিণত করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।