মোসাদ্দেক বিল্লাহ আবির:
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় একটি প্রাইভেটকার থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ওয়াশিম (৪০), মোঃ পারভেজ হোসেন (২০) ও মোঃ সাইফুল ইসলাম (৩৪)।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন। সংকেত পেয়ে গাড়িটি থামলেও তাতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তিনজনকে আটক করেন।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
ট্রাফিক যাত্রাবাড়ী জোনের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত প্রাইভেটকার এবং গ্রেফতার তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ট্রাফিক পুলিশের এমন তাৎক্ষণিক ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
