স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তর করতে সাহসী ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি কলম্বিয়ার রাজধানী বোগোটায় শনিবার “টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক নেতৃত্ব” শীর্ষক উচ্চ পর্যায়ের তৃতীয় পিফোরজি (পি৪জি) সামিটে বক্তৃতায় এই আহবান জানান। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
তাজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। সমৃদ্ধ ও টেকসই একটি ভবিষ্যত এবং কেউ যাতে পিছিয়ে না থাকে, সেজন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং সংহতি জোরদার করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী আগামী দিনেও পিফোরজির সঙ্গে কাজ চালিয়ে যেতে বাংলাদেশের ইচ্ছা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অনুকরণীয় আর্থ-সামাজিক অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট উন্নত দেশ হওয়ার লক্ষ্যের কথা তুলে ধরেন।
