আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় তার হেফাজত থেকে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
