আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কাফরুল এলাকায় মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালু (২৭)কে গ্রেফতার করেছে র্যাব-৪। সম্প্রতি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাফির সঙ্গে ব্যবসায়িক বিষয় নিয়ে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। ঘটনার কয়েকদিন আগেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীরা তাকে আটকানোর চেষ্টা করে। একপর্যায়ে সহযোগী পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র্যাব-৪ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযুক্ত ফয়সালের অবস্থান শনাক্ত করে ১১ জুন ২০২৬ তারিখে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
