পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, যদি ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হয়, তাহলে ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরপরই অনলাইনে ছাড়া হবে। কারণ ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না।
এর আগে ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।
ফেরত যাত্রার ক্ষেত্রে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি করা হবে ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী অগ্রিম ঈদযাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।
যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে।
