আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, সংগঠিত অপরাধ, মাদক, অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি-এর গোয়েন্দা দল জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ হেরোইন সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে সেটি থামানো হয় এবং আরোহী দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো— ১। মোঃ সিজার আহম্মেদ নয়ন (২৫) এবং ২। আমরুল মৃধা (৫০)। পরে তাদের দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তারা হেরোইন পরিবহনের কথা স্বীকার করে। এ সময় তাদের দেহের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় থাকা দুটি প্যাকেট থেকে মোট ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে রাজশাহী অঞ্চলের বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
