ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

গাইবান্ধার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মো. হাসানুর জামান সুমন (৪০)-কে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯:০০টায় ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল আনুমানিক ৩:০০টায় গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাসানুর জামান সুমনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় সোহরাব সরকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও আহত হন।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বাদী মোছা. সুমাকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং তার গলায় থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ৭ জুন মোছা. সুমা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান আসামিসহ অন্য আসামিরা আত্মগোপনে ছিলেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় র‍্যাব-১৩-এর গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন কচুবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে প্রধান আসামি হাসানুর জামান সুমনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।