মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, কোনো মোড়ল বা প্রভুদের কথায় নয়, বাংলাদেশ চলবে এদেশের জনগণের কথায়। গণতন্ত্রের ধারাবাহিকতা ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে এদেশের জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করে আবারো নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার কায়েম করবে।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগিন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ ও গাজিপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ ও কালীগঞ্জ পৌরসভার মেয়র রবিন হোসেন প্রমুখ।
