যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ প্যাটেল ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী এবং সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা।
আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কাশ প্যাটেল এফবিআই প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি এফবিআইর কার্যক্রমে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন।
প্যাটেলের নাম ঘোষণা করে ট্রাম্প বলেন, “কাশ একজন উজ্জ্বল আইনজীবী, দক্ষ তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’-এর একজন শক্তিশালী যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তিনি তার ক্যারিয়ার উৎসর্গ করেছেন। তিনি রাশিয়া সংক্রান্ত ‘ভিত্তিহীন ভীতির’ মুখোশ উন্মোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
ট্রাম্প আরও বলেন, “কাশ আমার প্রথম মেয়াদে অসাধারণ কাজ করেছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ, জাতীয় গোয়েন্দা দপ্তরের উপপরিচালক এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলে কাউন্টারটেররিজমের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
কাশ প্যাটেলের জন্ম ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে। তার বাবা-মা গুজরাটি ভারতীয়, যারা পূর্ব আফ্রিকা থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। কাশের বাবা একজন বিমান সংস্থার আর্থিক কর্মকর্তা ছিলেন।
কাশ প্যাটেল নিউ ইয়র্কে এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজের আইন বিভাগ থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। হাউস ইন্টেলিজেন্স কমিটির স্টাফ সদস্য হিসেবে কাজ করার সময় তিনি ট্রাম্প প্রশাসনের নজরে আসেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন এবং তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার কাজ শুরু করবেন।
