আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা এবং একটি মিনি পিকআপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জাহাঙ্গীর আলম (৩৩)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি পিকআপ গাড়িসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
