আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মামুন (৩৫)-কে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০:৪০টায় শেখেরটেক মফিজবাগ এলাকার একটি বিকাশ দোকানে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দোকান মালিক মো. শফিকুল ইসলাম (৩৭)-কে এলোপাতাড়িভাবে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকালে এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৩:০০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাধীন ফকির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা এবং একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
