আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
বুধবার (১৭ জুন ২০২৬) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান জোরদার করতে হবে। থানাকে দালালমুক্ত রাখতে হবে এবং কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, আসন্ন পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভায় মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
