তারেক রহমান বলেছেন, রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না। তিনি বলেন, “সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।”
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের পর আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি জানান, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “বাইর থেকে কেউ এসে দেশ গড়ে দেবে না। ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতে রূপান্তর করা গেলে দেশ আরও এগিয়ে যাবে।” বিএনপির কর্মসূচিগুলো খেটে খাওয়া মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নারী শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করা হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার কথাও জানান তিনি।
এছাড়া বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্যও বিশেষ বরাদ্দ থাকবে। বাস্তবসম্মত হলে দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
