ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন বিনিয়োগ প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে ডিবি

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

অনলাইনে সহজে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)।

ডিবি সূত্রে জানা যায়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলা তদন্তের দায়িত্ব পেলে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনুসন্ধান শুরু করে। তদন্তে উঠে আসে, প্রতারক চক্রটি অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করত। প্রতারণার উদ্দেশ্যে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করত।

তদন্তে আরও জানা যায়, চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করত। এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতেন। পরে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হতো।

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১১টায় গাজীপুর জেলার আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাবলু ওরফে সূর্য (২৪) ও শাহিন (২১)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ১১:৩০টায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার মিয়া (২৫), আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০) এবং লিখন ওরফে ইমন (২২)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বুধবার (১ জুলাই) ভোর আনুমানিক ৫:১৫টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল রানা (৩০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।