প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা করে প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহফুজ আলম আরও বলেন, জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারের পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা দেওয়া হচ্ছে। এ অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরবরাহ করা হবে। যাচাই-বাছাই করে প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে।
তিনি জানান, শুধু শহীদ পরিবারের পুনর্বাসন নয়, আন্দোলনে আহতদের পরিবারের জন্যও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের পুনর্বাসনের জন্য আগামী সপ্তাহে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়া হতে পারে। ইতোমধ্যে একটি তালিকা প্রস্তুত হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে।
