ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
আজকের সর্বশেষ সবখবর

‎রাজবাড়ীতে র‍্যাব-১০ এর পৃথক অভিযান: ২ আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার ২

সত্যের কন্ঠ
আগস্ট ৬, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
পঠিত: 10 বার
Link Copied!

মোসাদ্দেক বিল্লাহ আবির:

‎রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি ম্যাগাজিন, কয়েকটি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৫ আগস্ট ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

‎প্রথম অভিযানে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মোঃ মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎অপরদিকে একই দিন রাতে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাস (৩৬) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

‎র‍্যাব জানায়, এই অভিযান তাদের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া এবং পেশাদারিত্বের ফল। অবৈধ অস্ত্র ও মাদকের উৎস, সরবরাহকারী এবং ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি, কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে সাধারণ মানুষকে র‍্যাবকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

‎গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব-১০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।