নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ হানিফ ভূঁইয়া (৪১)।
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল আনুমানিক ৪:৩৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন একটি বাড়ির সামনে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হানিফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
