আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
“কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার।
অনুষ্ঠানের শুরুতে উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আমিনুল হক সমাপনী বক্তব্যে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মোঃ জাহিদ হোসেন, পল্লবী থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
