সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে র্যাব-১ ও র্যাব-৯ গ্রেফতার করেছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিলেটের কুমারপাড়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এ মামলা করেন স্থানীয় বাসিন্দা সাবুর আলী সাবু।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইয়াহিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন।
