প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের উপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এই কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বাইডেনকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘সরাসরি একটি বার্তা সম্প্রচার করা হয়েছে। যতদূর যেতে যাচ্ছি, আমি তত দূর যাবো।’ তবে কীভাবে এই বার্তা দেয়া হয়েছে তা বলতে অস্বীকার করেছেন কিরবি।
পরে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত পূর্ব সিরিয়ার দু’টি স্থাপনায় হামলা চালিয়েছে।
পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এই মাসে কমপক্ষে ১৬ বার হামলা হয়েছে। এজন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী’কে দায়ী করা হয়েছে।
বাইডেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছিলেন যদি হামলা অব্যাহত থাকে তবে এর প্রতিক্রিয়া হবে।
যুক্তরাষ্ট্র সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে সাথে নিয়ে বাইডেন বলেন, ‘আয়াতুল্লাহর প্রতি আমার সতর্কবার্তা ছিল তারা যদি ওই সৈন্যদের দিকে অগ্রসর হতে থাকে, আমরা জবাব দেব এবং তাকে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।
