মোসাদ্দেক বিল্লাহ আবির:
রাজধানীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণে পরিচালিত পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় সমন্বয় ও পর্যালোচনা সভা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজউকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের পাশাপাশি রাজউকের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় চলমান পরিদর্শন কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নিরাপত্তা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। এ বিষয়ে রাজউকের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ, ঝুঁকিমুক্ত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ, নিয়মিত তদারকি এবং নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
