বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইকরামুল নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (১৯ অক্টোবর) কামাল আহমেদ মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কাফরুল থানা পুলিশ কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে।
ছাত্র জনতার গণআন্দোলনের চাপে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর পর অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান।
