দুর্নীতি ও অর্থপাচারের মামলায় দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।
জানা গেছে, দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে দুবাই পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এ বিষয়ে গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে দুবাই পুলিশ।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
জামিনের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে।
