আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম এবং ব্যাটালিয়ন-১০, বিজিবি, কুমিল্লা। এ সময় প্রায় ৭ লাখ টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ৩টায় র্যাব-৭ ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোমারবাড়ী পূর্বপাড়া এলাকায় রিপন হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রোকসানা আক্তার (৩৫) ও রবিউল আলম (৩০)-কে আটক করা হয়। তবে অভিযানের সময় রিপন হোসেন (৩৭) পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের বসতঘরের পাশে একটি রান্নাঘর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৫টি বান্ডিলে মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে রিপন হোসেন ও তার স্ত্রী রোকসানা আক্তারের বাড়িতে মজুদ করতেন। পরে সহযোগী রবিউল আলমের মাধ্যমে কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলার মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং সংশ্লিষ্ট আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
