আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পায় যে, ওই এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে দুটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
