নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার আগে বক্তারা জাতির জন্য মিজানুর রহমান সিনহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করছেন এবং বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন। তিনি বলেন, এমন সময়ে মিজানুর রহমান সিনহার মতো উদ্যোক্তার খুব প্রয়োজন ছিল।
পরে মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সীগঞ্জে শেষ জানাজা শেষে নিজ বাড়ি কলমা এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন।
