রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রায়হান (১৯) ও মোঃ রাব্বি (২৫)।
সোমবার (১১ মে) রাত আনুমানিক ৭টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই এলাকার বালুর মাঠ বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা ও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে রায়হান ও রাব্বিকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর পল্লবী এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
