ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রতিদিন বাড়ছে হামে মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

আবুল কাসেম রুমন, সিলেট প্রতিনিধি:

সিলেটে প্রতিদিনই হামে মৃত্যুর হার বাড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষ করে সিলেটে হামে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ৫ বছর বয়সী শিশু আবু হুরায়রা হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায়। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি রোববার (৫ জুলাই) নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সূত্রে জানা যায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও হামের উপসর্গে মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৮৬ জন শিশু। মৃতদের মধ্যে ৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছিল, আর বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা যান।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ, যেখানে মারা গেছেন ৩৭ জন। এরপর সিলেটে ৩১ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৪১৮ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ২৩৪ জন, সিলেটে ১৩১ জন, হবিগঞ্জে ৩৭ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি থাকা ২৭৫ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।