সাভারের পশ্চিম রাজাশন এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
রোববার (১০ মে) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সুমন মিয়া (৩৮), মোঃ সবুজ (২৬) ও জহুরুল হাসান (২০)।
র্যাব জানায়, সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সুমন মিয়া তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।
এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পাশাপাশি তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
