ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ৪৮ ঘণ্টায় হত্যার রহস্য উদঘাটন, ট্রাংকে লাশ গোপনের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

সত্যের কন্ঠ
এপ্রিল ৪, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভেতর অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল আসামি নিয়ামুর নাহিদ (২৬) ও তার স্ত্রী রিক্তা মনি (২৬)কে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী পৌরসভার তাঁতিহাটি এলাকায় একটি ট্রাংকের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত নারীর পরিচয় শনাক্ত করা হয়। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ডলি আক্তার (৩৫)।

ঘটনার পর পিবিআই জামালপুর ইউনিটের একাধিক টিম ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় লাশ বহনকারী একটি পিকআপ শনাক্ত করা হয় এবং তা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবশেষে শনিবার (৪ এপ্রিল) ভোররাতে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তাকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায়, গাজীপুরের শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী নাহিদ ও রিক্তা দুজনেই টেক্সটাইল কারখানায় কাজ করতেন। গত ৩০ মার্চ রাতে নাহিদ ডলি আক্তারকে কৌশলে তার বাসায় নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে নাহিদ গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে।

পরে ঘটনার বিষয়টি স্ত্রী রিক্তাকে জানিয়ে দুজন মিলে লাশ গোপনের পরিকল্পনা করে। তারা একটি বড় ট্রাংক কিনে মরদেহটি হাত-পা বেঁধে তোশক দিয়ে পেঁচিয়ে ভেতরে ভরে রাখে। পরদিন একটি পিকআপ ভাড়া করে লাশটি শ্রীবরদীর ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পিবিআই কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সমন্বিত অভিযানের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।