নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া পশ্চিমপাড়া এলাকায় জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা যায়।
অভিযোগে বলা হয়, ‘আন্ডা রফিক’ নামে পরিচিত রফিকুল ইসলামের বিরুদ্ধে আহলে হাদিস জামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সরকারি রাস্তা ও খাস জমিসহ সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে আহলে হাদিস মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম বলেন, পবিত্র ধর্মীয় স্থান দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন (নয়ন) বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের অনিয়ম ও দখল কার্যক্রমের শিকার হচ্ছেন। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর।
সভা থেকে দ্রুত জমি দখলমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
