আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম (৩০)।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে মিরপুর থানাধীন সেকশন-২ এলাকার ডালিম গোস্ত বিতানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সেকশন-২ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর থানার একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করে।
এ সময় তার হেফাজত থেকে একটি ম্যাগাজিনবিহীন পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় পূর্বের তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ডিএমপির মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
