রাজধানীর মান্ডায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে হত্যা করে লাশ ৮ টুকরা করার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব জানায়, পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ ও টাকার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনে ভরে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, নিহত মোকাররমের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১৩ মে সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি মান্ডায় ওই নারীর বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিরোধের একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
অভিযুক্তরা প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। পরে বালিশ চাপা, হাতুড়ি ও বটি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব। এরপর লাশ ৮ টুকরা করে বস্তা ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার হেলেনার তথ্যের ভিত্তিতে নিহতের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি তাসলিমা আক্তারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
