আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম হলো— ০১। আরাফাত হোসেন কাউছার (২৭) ও ০২। মোবারক হাওলাদার (২৮)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি টিম মতিঝিল থানাধীন আরামবাগ মোড়ের দক্ষিণ-পূর্ব পাশের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি বড় সাদা বস্তায় মোট ১৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
