আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকী উপজেলায় বিশেষভাবে তৈরি একটি পিকআপের চেসিসের গোপন প্রকোষ্ঠ থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২:৩০টায় পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি পিকআপে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছে। পরে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপকে থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ধাওয়া করে দুমকী উপজেলার আঙ্গারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে দেখতে পান, পিকআপটি ফেলে চালকসহ তিনজন পালিয়ে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে বিশেষভাবে তৈরি চেসিসের গোপন চেম্বার থেকে ৩২টি পোটলায় মোড়ানো প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পিকআপটির চালক মো. হীরা (৩০)। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ জব্দ করে পটুয়াখালীর দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব-৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
