ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩
আজকের সর্বশেষ সবখবর

‎”নিজ এলাকা শাহরাস্তিতে চাকরি, সিন্ডিকেটের অভিযোগে অভিযুক্ত মনিরুল হক পাটোয়ারী”

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
পঠিত: 96 বার
Link Copied!

‎মোসাদ্দেক বিল্লাহ আবির:

‎চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় কর্মরত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল হক পাটোয়ারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের একটি সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি নিজ জেলা হওয়ার সুযোগে শাহরাস্তি উপজেলায় বদলি নিয়ে যোগদানের পর থেকে গুটিকয়েক সুবিধাভোগী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ব্যবহার করে বিভিন্ন বিদ্যালয় থেকে নানা খাতে অবৈধ অর্থ আদায়ের একটি সংগঠিত নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

‎অভিযোগ অনুযায়ী, প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে অযৌক্তিক প্রভাব বিস্তার, প্রতিনিধির মাধ্যমে অর্থ আদায় এবং শিক্ষকদের ওপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিযোগকারীরা বলছেন, এসব কারণে সাধারণ শিক্ষকরা আর্থিক ক্ষতি ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।


‎অভিযোগ রয়েছে, চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি যে সব উপজেলায় দায়িত্ব পালন করেছেন, সেসব স্থানেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিতর্কের জন্ম দিয়েছেন, যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলেছে।

‎অনুসন্ধানে অভিযোগকারীদের কাছ থেকে আরও জানা যায়, নিজ জেলা হওয়ায় তিনি শাহরাস্তি উপজেলায় বদলি নিয়ে এসে পরিবারসহ অবস্থান করছেন। অভিযোগকারীদের দাবি, নিজ এলাকায় দীর্ঘদিন কর্মরত থাকার কারণে তিনি ব্যাপক প্রভাব বিস্তার করেছেন। এ কারণে অনেক শিক্ষক ও স্থানীয় বাসিন্দা তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে বা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও তথ্য দিতে ভয় পান । তাদের আশঙ্কা, অভিযোগ করলে প্রশাসনিক হয়রানি বা বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। ফলে অনেক অভিযোগই প্রকাশ্যে আসছে না।


‎অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন। অভিযোগকারীদের দাবি, ওই ক্লাস্টারের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ে সরকারি অনুদান বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ কমিশন হিসেবে দাবি করা হয়।কেউ এতে সম্মত না হলে প্রকল্পের কাজের মান নিয়ে আপত্তি তুলে বিল অনুমোদনে বিলম্ব বা স্থগিত করা হয়।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক দাবি করেন, প্রকল্পের কাজ শুরুর আগেই সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে বাধ্য করা হয় এবং কমিশনের বিষয়ে চাপ সৃষ্টি করা হয়। তাদের অভিযোগ, সরকারি বিধিমালা অনুসরণ না করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়; এতে রাজি না হলে পরিদর্শনের সময় কাজের মান নিয়ে আপত্তি, বিল আটকে দেওয়া, প্রশাসনিক হয়রানি, বদলির আশঙ্কা এবং বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়।


‎এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমাজ ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্থাপিত নানা অভিযোগের কার্যকর প্রতিকার না হওয়ায় শিক্ষা প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।

‎একই সঙ্গে, অভিযোগকারীরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট দপ্তর,  এবং  দুদক-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা হোক।

‎(চলবে…)



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।