আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) বিকেল আনুমানিক ৩:২০টায় নিউমার্কেট থানাধীন নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. মিলন ওরফে আকাশ (২৫) এবং মো. শফিকুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা ট্যাবলেট, ৬৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬ হাজার ৭২০ টাকা নগদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর নিউমার্কেটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
