ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
আজকের সর্বশেষ সবখবর

ডিএনসির অভিযানে যশোরগামী ইয়াবা পাচারকারী চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর শ্যামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যশোরগামী একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা, ১ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গত ৯ জুন যাত্রাবাড়ী এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে বাবুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও ধারাবাহিক নজরদারির মাধ্যমে তার মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে গত ৬ জুলাই রাতে ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. প্রিন্স মাহমুদ (৩৭), মনিরা বেগম মিষ্টি (৩০), মো. জহিরুল হক তুহিন (৩২) এবং মোছা. জলি বেগম (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকায় ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে যশোরে নিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা কৌশল পরিবর্তন করে মোটরসাইকেলের মাধ্যমে মাদক পরিবহন করছিলেন। তদন্তে আরও জানা যায়, পারিবারিক ও ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কারণে তারা দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডিএমপির শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্য, অর্থদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।