আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারী থানার আলোচিত নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি মো. জাহিদ শেখ (২৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে বাগেরহাট সদর থানাধীন টাউন নওয়াপাড়া সংলগ্ন জিয়া হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি জাহিদ শেখকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জানুয়ারি ২০২৬ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাহিদ শেখসহ অন্যান্য আসামিরা ভিকটিম নিজাম উদ্দিন বিশ্বাস (৪৫)-কে নিজ বাড়ি থেকে চিতলমারী যাওয়ার পথে অবৈধভাবে পথরোধ করে। পরে লোহার রড, চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আফতাব উদ্দিন বাদী হয়ে জাহিদ শেখসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চিতলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগেরহাটের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
