রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকা থেকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. সাইফুল ইসলামকে (৪০) যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানাধীন রামদিয়া বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে আত্মগোপন করে বালিয়াকান্দি এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারাসহ পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
