ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৫
আজকের সর্বশেষ সবখবর

কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান, জুমার পর গণঅনশন

সত্যের কন্ঠ
মে ১৬, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
পঠিত: 81 বার
Link Copied!

চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৬ মে) সকালেও টানা তৃতীয় দিনের মতো রাজপথ ছাড়েননি তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর।

কারণ হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, টানা রাজপথে অবস্থান করায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা বসবে গণঅনশনে।

তিনি আরও বলেন, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যাবে না তারা। এতে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, তবু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই শিক্ষক।

৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) দুপুরে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জবি শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন বহু শিক্ষক-শিক্ষার্থী।

এরপর বেলা দুইটা থেকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন থেকে সেখানে চলছে তাদের লাগাতার অবস্থান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।